হাওরের জীব-সাংস্কৃতিক ঐতিহ্য হারিয়ে যাবে?
হাওরাঞ্চলকে শুধু কৃষি উৎপাদনের ক্ষেত্র কিংবা মৌসুমি দুর্ভোগের অঞ্চল হিসেবে দেখলে প্রকৃত পরিচয় অধরাই থেকে যায়। হাওর এক জীবন্ত সভ্যতা। মানুষ, জল, মাছ, পাখি, বৃক্ষ, মাটি ও ঋতু মিলেই এখানে গড়ে উঠেছে হাজার বছরের স্বতন্ত্র জীবনব্যবস্থা। সভ্যতা বলতে আমরা সাধারণত নগর, স্থাপত্য কিংবা প্রযুক্তির বিকাশ বুঝি। কিন্তু অনেক প্রাচীন সভ্যতা প্রকৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। হাওরও প্রাকৃতিক সভ্যতা। এখানে মানুষের জীবন প্রকৃতির ওপর আধিপত্য নয়; বরং প্রকৃতির সঙ্গে সহাবস্থানের ইতিহাস। জল বাড়লে মানুষ নৌকায় ওঠে; জল নামলে মাঠে নামে। ঋতু পরিবর্তনের সঙ্গে বদলে যায় জীবিকা, খাদ্যাভ্যাস, সংস্কৃতি, গান, উৎসব ও দৈনন্...