জুনের শুরুতে চট্টগ্রাম-সিলেটে ভারী বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম
বৃষ্টি দিয়ে শুরু হয়েছিল মে মাস। মাসের শেষদিকে এসে সেই বৃষ্টির প্রবণতা কমেছে, বেড়েছে তাপমাত্রা। তবে গত কয়েক বছরের তুলনায় এ বছর মে মাসের বেশির ভাগ সময়ই দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ বা তীব্র ভ্যাপসা গরমে পুড়তে হয়নি দেশের মানুষকে। মাসজুড়ে থেমে থেমে হওয়া বৃষ্টিপাত তাপমাত্রাকে সহনীয় পর্যায়ে রাখতে ভূমিকা রেখেছে। তবে জুনের শুরুতে আবহাওয়ার চিত্র কিছুটা বদলাতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকলেও দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভ্যাপসা গরমের অস্বস্তিও বাড়তে পারে। আজ রোববার আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার বিশেষ পূর্বাভাসে বলা হ...