রাজধানী ও বরিশালে আওয়ামী লীগের ৪২ নেতাকর্মী আটক
রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকা এবং বরিশালে ঝটিকা মিছিলের চেষ্টার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৪২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ও জুমার নামাজের পর এই অভিযান চালানো হয়। ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক সমকালকে বলেন, ধানমন্ডির বিভিন্ন জায়গা থেকে মিছিল বের করার প্রস্তুতি ছিল তাদের। এই অপতৎপরতা ঠেকাতে পুলিশও তৎপর ছিল। ধানমন্ডি ৩২ নম্বর, ধানমন্ডির তাকওয়া মসজিদ ও সোবহানবাগ মসজিদ এলাকায় মিছিলের উদ্দেশে জড়ো হচ্ছিলেন নেতাকর্মীরা। তখন ফরিদপুরের ভাঙ্গা থানা যুবলীগের সভাপতি মো. মুরাদসহ ২৬ জনকে আটক করা হয়। ...