ধূমপান করা নিয়ে বাগবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবককে হত্যা
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ধূমপান করাকে কেন্দ্র করে বিরোধের জেরে হাসান মিয়া (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ বলছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত হাসান মিয়া বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার রুকুন্দী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের একটি ওয়াশিং কারখানায় হেলপার হিসেবে কাজ করতেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের পশ্চিম আগানগরের বাঁশপট্টি বেড়িবাঁধ এলাকায় নদীর পাড়ে দাঁড়িয়ে ধূমপান করছিলেন হাসান। এ সময় বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজনের স...