দুই সংস্থার ঠেলাঠেলিতে আটকা সংস্কার, ভোগান্তি নাগরিকদের
পয়োনিষ্কাশন পাইপলাইন স্থাপনের জন্য নগরীতে ছোট-বড় অনেক সড়ক খুঁড়েছিল খুলনা ওয়াসা। এর মধ্যে ৭১টি সংস্কার করা হয়েছে। এখনও বাকি দুই শতাধিক। তিন থেকে ১০ মাস ধরে এ অবস্থায় আছে সড়কগুলো। চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের। এদিকে খুঁড়ে রাখা বাকি সড়কগুলো কোন সংস্থা সংস্কার করবে, তা নিয়ে সিটি করপোরেশন (কেসিসি) ও ওয়াসার মধ্যে জটিলতা তৈরি হয়েছে। ছয় মাস ধরে এ নিয়ে দুপক্ষের চিঠি চালাচালি ও একাধিক বৈঠক হলেও সমাধান হয়নি। দুই সংস্থার ঠেলাঠেলিতে ভোগান্তি পোহাতে হচ্ছে নাগরিকদের। ওয়াসার কর্মকর্তাদের ভাষ্য, কেসিসির মালিকানাধীন সড়ক মেরামতের জন্য ১১২ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। তারা ৯৮ কোটি টাকা খরচ করেছে...