অধ্যাপক এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস নিয়োগ বিধিবহির্ভূত: বিএমইউ
অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর আজীবন প্রফেসর ইমেরিটাস নিয়োগ বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসারে হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। কর্তৃপক্ষ বলেছে, নিয়োগ বাতিলের সিদ্ধান্ত কোনো ব্যক্তিকে লক্ষ্য করে নেওয়া হয়নি; বরং প্রশাসনিক স্বচ্ছতা, আর্থিক জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক এ বি এম আব্দুল্লাহর প্রফেসর ইমেরিটাস নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টির প...