৪৭০ বছরের কেল্লাপোশী মেলা মাছ-মিষ্টিতে ‘জামাইবরণ’
মেলায় প্রবেশ করতেই চোখে পড়ে বিশাল আকারের রুই, কাতলা, বোয়াল ও আইড় মাছের সারি। বগুড়ার বিখ্যাত দই, রসমালাই, কালোজাম ও নানা ধরনের মিষ্টির দোকানগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়। মাছের মতো দেখতে বড় আকারের মিষ্টি কিনতে চলে ক্রেতা-বিক্রেতার দামাদামি। স্থানীয়দের বিশ্বাস, মাছ ও মিষ্টি দিয়ে জামাইকে বরণ করলে পারিবারিক সম্পর্ক আরও মধুর হয়। গতকাল সোমবার বগুড়ার শেরপুর উপজেলার কেল্লাপোশী মেলায় দেখা যায় মাছ ও মিষ্টির এমন সমাহার। ৪৭০ বছরের পুরোনো এই ঐতিহ্য স্থানীয়দের কাছে ‘জামাইবরণ মেলা’ নামেও পরিচিত। তিথি অনুযায়ী প্রতি বছর জ্যৈষ্ঠের দ্বিতীয় রোববার থেকে উপজেলা সদরের অদূরে কেল্লাপোষী স্থানে এই মেলা বসে।...