নবীন সূর্যের আলোয় বিশ্বজয়ের মহাকাব্য
ততক্ষণে ধূলিসাৎ হয়ে গেছে আর্জেন্টিনার গৌরব আর অহংকারের বিশ্বজয়ী ফুটবল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে একদিকে আর্জেন্টিনার এক স্বর্ণালি সূর্যের চিরতরে অস্ত যাওয়া, অন্য প্রান্তে বিশ্বজয়ের আঙিনায় একঝাঁক কিশোর জাদুকরের রাজকীয় আবাহন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের বাইরে তখন কয়েকশ স্প্যানিশ সমর্থকের বাঁধভাঙা উল্লাস। গান বেঁধেছে তারা তাদের নতুন প্রজন্মের বিশ্বকাপজয়ী ফুটবলারদের নিয়ে। প্রচণ্ড গর্ব তাদের ১৬ বছর বাদে সোনালি ট্রফি ফিরে পাওয়ার। লুইস দে লা ফুয়েন্তের এই স্পেন দলটা আসলে শুধুই ফুটবল টিম নয়; এরা যেন জরাজীর্ণ বিশ্বফুটবলের বুক চিরে আছড়ে পড়া একপশলা অবাধ্য, উন্মাতাল কালবৈশাখী। জাভি-ইনিয়েস্তাদের সেই পু...