মারিয়ানের হাতপাখা
নব্বইয়ের দশকের শেষের দিকের কথা। ইন্টারনেট-পূর্ব সেই যুগে পত্রমিতালী বা ‘পেনপ্যাল’ ছিল ভিনদেশি বন্ধু বানানোর একমাত্র উপায়। আমি তখন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এক শীতের সকালে গরম চায়ের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে একটি পত্রমিতালী ম্যাগাজিনের পাতা ওল্টাতে ওল্টাতে হঠাৎ চোখ আটকে গেল। পৃথিবীর নানা প্রান্তের মানুষ পত্রমিতা খুঁজছেন। বন্ধুদের হাতে প্রায়ই বিদেশ থেকে আসা নীল-সাদা ডোরাকাটা এয়ারমেইল খাম দেখতাম। তাদের মুখের উচ্ছ্বাস দেখে আমার মনেও এক অদ্ভুত আকাঙ্ক্ষা জন্ম নিল–আমিও কি পারি না অচেনা কোনো মানুষের সঙ্গে শব্দের সেতুবন্ধ গড়তে? সেদিনই উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়ার একটি ঠিকানা বেছে নিলাম।...